
এস এম ফজলে রাব্বি শুভ বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত নারায়ণপুর গ্রাম দীর্ঘদিন ধরে চরম যোগাযোগ সমস্যার মুখোমুখি। এই গ্রামের একমাত্র রাস্তা, যা উত্তর ভান্ডারবাড়ির সঙ্গে সংযোগ স্থাপন করে, বর্তমানে চরমভাবে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন ও অনুরোধ সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুর কাছেও বহুবার জানানো হয়েছে, কিন্তু রাস্তাটির উন্নয়নে কোনো অগ্রগতি দেখা যায়নি।
এছাড়াও, ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জুয়েল মিয়া থেকেও কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। তারা মনে করেন, এলাকার প্রাথমিক চাহিদাগুলোর মধ্যে রাস্তাঘাট অগ্রাধিকারের হওয়া উচিত, কিন্তু তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, “১০ টাকা কেজির চালের কার্ডের জন্য সবাই যায়, কিন্তু এই রাস্তাটি যেন কারো চোখে পড়ে না। বর্ষাকালে কাদা-মাটির মধ্যে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়ে। রোগী নিয়ে হাসপাতাল যাওয়াও অনেক সময় অসম্ভব হয়ে যায়।”
স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তাটি পাকা করাসহ দীর্ঘমেয়াদী টেকসই সংস্কারকাজ শুরু করা হোক, যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো সমস্যা না হয়।