মিঠুন কুমার রায়
রংপুর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি রজব আলী, এবং ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে চলতি মৌসুমে উপজেলার ১১,১৫০ জন কৃষক উপকৃত হবেন—যার মধ্যে গমের বীজ পেয়েছেন ৫,২০০ জন, সরিষা ৫,৯০০ জন, পেয়াজ ৩০ জন ও চিনাবাদাম ২০ জন কৃষক।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে বীজ বিতরণ অন্যতম।”
বীজ গ্রহণকারী কৃষক রবিউল ইসলাম বলেন, “এই সহায়তা আমাদের অনেক কাজে আসবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং খরচও কিছুটা কমবে।”
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন।
রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ
Leave a comment