চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো আশঙ্কা নেই।
মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে প্রকাশিত পোস্টে জানান, আগামী ২১ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য বৃষ্টি হতে পারে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে এক-দুদিন মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দপ্তরটি জানায়, চলমান মৌসুমে বাড়তি বৃষ্টিপাতের কারণে সেচ ও ফসলের প্রস্তুতিতে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।