রিপোর্টার:আবির হোসেন সান
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় আবারও হত্যার হুমকি পেয়েছেন। এ ঘটনায় নিজের নিরাপত্তার স্বার্থে তিনি রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে থানায় হাজির হয়ে তিনি জিডিটি করেন—বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।
জিডিতে রিদুয়ান হৃদয় উল্লেখ করেন, ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ের আশপাশ এলাকায় অবস্থান করার সময় একটি অজ্ঞাত বাংলাদেশি নম্বর থেকে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্ত থেকে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর একই নম্বর থেকে বারবার ফোন করে ভয়ভীতি দেখানো হয়।
রিদুয়ান হৃদয় ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মনোনয়ন প্রত্যাশী। এর আগে গত ১৮ নভেম্বর ভিন্ন একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার মাধ্যমেও তিনি হত্যার হুমকি পেয়েছিলেন।
এ বিষয়ে রিদুয়ান হৃদয় বলেন,
“জুলাইয়ের গণঅভ্যুত্থানেই আমরা অনেকটা মরে গেছি, ৫ আগস্টের পর থেকে যেন বোনাস লাইফ পার করছি। এসব হুমকি-ধমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমার ধারণা, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা চায় না আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে প্রচারণা চালাই কিংবা মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াই। আমি আইনের ওপর আস্থা রেখেই শাহবাগ থানায় জিডি করেছি।”