নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে র্যাব। তালিকা প্রস্তুত শেষে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে র্যাব দেশের বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজ চক্রের একটি সম্পূর্ণ নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে। ইতোমধ্যে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে।
তিনি আরও জানান, চাঁদাবাজি শুধু কোনো একটি খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাত, মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ প্রয়োগসহ সব ধরনের চাঁদাবাজি এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট-বড় সব পর্যায়ের অপরাধীদেরই এতে অন্তর্ভুক্ত করা হবে।
অনেক ভুক্তভোগী ভয়ে বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে সাহস পান না বলেও তিনি উল্লেখ করেন। এ কারণে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হচ্ছে।
তালিকায় রাজনৈতিক পরিচয়ের কেউ থাকলে ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাত থাকবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তালিকা প্রস্তুত শেষ হলেই মাঠপর্যায়ে অভিযান শুরু করা হবে, এমনকি তা তাৎক্ষণিকভাবেও হতে পারে।