নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ভাঙচুর এবং শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তখন ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র হওয়ায় পুরো এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরের দিকে কয়েকজন স্থানীয় বিএনপি নেতা-কর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে হিসাব-নিকাশ ও আগের প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর প্রভাষক আলেয়া খাতুন হীরার সঙ্গে বাগবিতণ্ডার জেরে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে এবং আরও কয়েকজন শিক্ষক-কর্মচারীর ওপর হামলা চালানো হয়। এ সময় অফিস কক্ষে ভাঙচুরও করা হয়।
হামলায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে কলেজে এসে চাঁদা দাবি করা হতো। দাবি না মানায় এ হামলার ঘটনা ঘটে।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী অভিযোগ অস্বীকার করে জানান, কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে হিসাব চাইতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল। তবে একপর্যায়ে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।