নিজস্ব প্রতিনিধিঃ
দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে জুন মাসের চাহিদা মেটাতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় সরকার পরিশোধিত জ্বালানি আমদানিতে জোর দিয়েছে। পাশাপাশি মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৯ সাল থেকে রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু হলে পরিশোধন সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানিকৃত জ্বালানির চালান ইতোমধ্যে দেশে পৌঁছেছে। ফলে এপ্রিল ও মে মাসের চাহিদা পূরণে কোনো ঘাটতির আশঙ্কা নেই। জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে। এ কারণে গৃহস্থালি খাতে কিছুটা কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মে মাসে ফসল সংগ্রহ শুরু হলে গৃহস্থালি খাতে সরবরাহ বাড়ানো হবে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সূত্র জানায়-বর্তমানে দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে, যা দিয়ে আগামী দুই মাসেও সরবরাহে কোনো বড় ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই।