নিজস্ব প্রতিনিধিঃ
দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর মাদানী এভিনিউয়ের পিপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দারিদ্র্য দূরীকরণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে উন্নয়ন এ সাফল্যের অন্যতম ভিত্তি।
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন স্বপ্ন, উদ্যম ও নেতৃত্বগুণ নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। সমাজসেবা ও ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি জোর দেন।
তিনি আরও বলেন, জেসিআই বাংলাদেশের মতো সংগঠনগুলো তরুণদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, জেসিআই একটি অলাভজনক বৈশ্বিক সংগঠন, যা তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।