নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ পরোয়ানা জারি করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত ১৩ এপ্রিল আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন-কুষ্টিয়ার বর্তমান ডিসি বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।
এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ডিসি বদলির জন্য কার কাছে অর্থ প্রদান করা হয়েছে-সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে হবে।
এ বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এ ধরনের অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকা জরুরি, অন্যথায় তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে এখনো মুফতি আমির হামজা-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।