নিজস্ব প্রতিনিধিঃ
দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটের কারণে পর্যটন খাত এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিদ্যুৎ সরবরাহের অনিয়মিততা এবং জ্বালানি ঘাটতি হোটেল–মোটেল ও রেস্তোরাঁগুলোকে সেবা সীমিত করতে বাধ্য করছে।
শহরটি দিনের বেলায় প্রাণবন্ত থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে অনেক এলাকায় নেমে আসে ঘন অন্ধকার ও অনিশ্চিত পরিবেশ। পর্যটকদের সেবা নিশ্চিত করতে হোটেলগুলো নিজস্ব জেনারেটরের ওপর নির্ভর করলেও জ্বালানি সংকটের কারণে তা নিয়মিতভাবে চালু রাখা সম্ভব হচ্ছে না। ফলে রুম সার্ভিস, সেন্ট্রাল এসি, আলোকসজ্জা ও বিনোদনমূলক সুবিধা অনেক ক্ষেত্রে সীমিত করা হচ্ছে।
এই পরিস্থিতিতে পর্যটকরাও এখন হোটেল বুকিংয়ের আগে জেনারেটর সুবিধা রয়েছে কি না, তা নিশ্চিত করে নিচ্ছেন। একই সংকটের প্রভাব পড়েছে স্থানীয় রেস্তোরাঁ ব্যবসাতেও।
খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কক্সবাজারের সাড়ে চার শতাধিক হোটেল–মোটেলে দৈনিক প্রায় ১০ হাজার লিটার জ্বালানির প্রয়োজন হয়, যা লোডশেডিং বেড়ে যাওয়ার পর প্রায় দ্বিগুণে পৌঁছেছে।
ফলে পর্যটননির্ভর এই অঞ্চলের অর্থনীতিতে ধীরে ধীরে তৈরি হচ্ছে চাপ ও অনিশ্চয়তার ছায়া।