নিউজ ডেস্কঃ
যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ইরানের শিক্ষা অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মোট ১ হাজার ৩০০টি বিদ্যালয়ের মধ্যে ৭৭৫টির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের শিক্ষা মন্ত্রী আলি রেজা কাজেমি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর মধ্যে অর্ধেকেরও বেশি ইতোমধ্যে পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব হয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রায় ২০টি বিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেহরান, ইসফাহানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রদেশে।
তিনি আশা প্রকাশ করেন, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত অবশিষ্ট বিদ্যালয়গুলোর সংস্কার কাজ চলতি বছরের অক্টোবরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে।
আলি রেজা কাজেমি বলেন, যুদ্ধ পরিস্থিতিতেও দেশের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। কোথাও সরাসরি, আবার কোথা
ও অনলাইনের মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য কাউন্সেলিং সেবাও চালু রাখা হয়।
এ ছাড়া তিনি উল্লেখ করেন, শাজারেহ তাইয়্যেবেহ গার্লস বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জন শিক্ষার্থীর স্মরণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোকসভা আয়োজন করা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী।