আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ছয় দিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
১৬ এপ্রিল সকালে জামিল লিমন অ্যাভালন হাইটস এলাকার অ্যাপার্টমেন্ট থেকে বের হন। তিনি মোবাইল ফোন ও মানিব্যাগ সঙ্গে নিলেও পাসপোর্ট রেখে যান। পরে সকাল ১১টার দিকে তার ফোন অ্যাপার্টমেন্ট এলাকার কাছাকাছি সর্বশেষ সক্রিয় অবস্থায় পাওয়া যায়।
একই দিন সকাল ১০টার দিকে নাহিদা সুলতানা বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে ব্যক্তিগত সামগ্রী রেখে বের হন। বিকেল ৫টার দিকে তার ফোন ক্যাম্পাস এলাকায় সর্বশেষ শনাক্ত হয়।
দুজনের পাসপোর্ট নিজ নিজ কক্ষে পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক দৃশ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিখোঁজ দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) হেফাজতে নেই। এফবিআইকে তদন্তে যুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
পরিবার জানিয়েছে, দুই শিক্ষার্থী নিয়মিত যোগাযোগ রাখতেন এবং হঠাৎ নিখোঁজ হওয়া অস্বাভাবিক।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে।
এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।