নিজস্ব প্রতিনিধিঃ
চলমান বৈশ্বিক জ্বালানি সংকট ও এর প্রভাব মোকাবিলায় বিরোধীদলের প্রস্তাবে সাড়া দিয়ে ১০ সদস্যের সংসদীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রস্তাবিত এই কমিটিতে সরকারি দল ও বিরোধীদল থেকে সমানভাবে পাঁচজন করে সদস্য রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই কমিটি গঠনের ঘোষণা দেন। পরে তিনি সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নামও প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এ পরিস্থিতি মোকাবিলায় বিরোধীদলীয় নেতা একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যেখানে দুই পক্ষের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে সমাধানের পথ খোঁজা সম্ভব হবে। সেই প্রস্তাব বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থে যেকোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় প্রস্তুত। সেই ধারাবাহিকতায়ই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি দলের পক্ষ থেকে কমিটিতে রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ আরও তিনজন সংসদ সদস্যকে। তাঁরা হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
স্পিকার কমিটির সভাপতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি হিসেবে মনোনীত করেন। একই সঙ্গে তিনি বিরোধীদলকে দ্রুত তাদের পাঁচ সদস্যের নাম জমা দেওয়ার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় সংসদই দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানের উপযুক্ত প্ল্যাটফর্ম হতে পারে। শিগগিরই তারা কমিটির সদস্যদের নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি