নিজস্ব প্রতিনিধিঃ
আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো হবে। এই অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং লোডশেডিং কমাতে সহায়ক হবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। আরএনপিএল হলো রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ।
বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। সেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় কম ছিল।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই বিদ্যুৎ সংযোজনের ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।