স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ শুরুর আর দেড় মাসও বাকি নেই। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়ে গুরুতর চোটে পড়েছেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। গালের হাড় ভেঙে যাওয়ায় তাকে এখন যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলে, যা তার বিশ্বকাপ প্রস্তুতিকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলেছে।
ইতালিয়ান ক্লাব এসি মিলান জানিয়েছে, রোববার সেরি আ-তে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাথায় মাথায় সংঘর্ষে গুরুতর আঘাত পান মদ্রিচ। এরপর চিকিৎসা নেওয়ার পরও তিনি আর খেলা চালিয়ে যেতে পারেননি এবং ম্যাচ শেষের প্রায় ১০ মিনিট আগে মাঠ ছাড়েন।
পরদিন করা পরীক্ষায় নিশ্চিত হয় তার বাঁ পাশের গালের হাড়ে চিড় ধরেছে। একই দিনই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে সেরি আ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে মিলান। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে তারা পিছিয়ে আছে ১২ পয়েন্টে। মৌসুমে আর চারটি ম্যাচ বাকি থাকলেও মদ্রিচকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে ফিরতে পারলেও তাকে সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করতে হতে পারে বলে জানিয়েছে চিকিৎসা দল।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে শুরু হবে ফিফা বিশ্বকাপ -২০২৬। ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, ঘানা ও পানামা।