নিজস্ব প্রতিনিধিঃ
সিলেটে আসন্ন দলীয় সভা সফল করতে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বিএনপি। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভাকে ঘিরে সিলেটজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর মেন্দিভাগ এলাকার একটি মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভার পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের পাশে দাঁড়ায়। দলীয় এই সমাবেশকে সুশৃঙ্খল ও সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপিকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন মানুষ অনুভব করে, দলটি শুধু রাজনীতিতেই নয় বরং বিপদ-আপদেও মানুষের পাশে থাকে।
প্রস্তুতি সভা যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা, যুব উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে সেবা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই আয়োজন সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সভায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।