ভারতে ইলিশ রপ্তানি করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে সে দেশের আমদানিকারকদের একটি সমিতি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে সম্প্রতি এ চিঠি পাঠিয়েছে ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
চিঠিতে তারা বলেছে, আমরা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করি।
‘দুর্ভাগ্যবশত, ২০১২ সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি,’ উল্লেখ করা হয়েছে চিঠিতে।
ভারতের মাছ আমদানিকারক সমিতি চিঠিতে লিখেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে শুরু ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার নির্দিষ্ট পরিমাণ ও সময়ের জন্য শুধু মাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়।
পররাষ্ট্র উপদেষ্টাকে তারা আরও লেখেন, এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়ার অনুরোধ করছি। কারণ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে।