জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে আন্তোনিও গুতেরেস অংশ নেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার (২৫ অক্টেবার) এক ইউক্রেনীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টেবার) গুতেরেস কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে উপস্থিত হন এবং আয়োজক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেন। এই রাশিয়ায় ২০২৩ সালে ইউক্রেনে আক্রমণ করেছে। গুতেরেসের রাশিয়া সফরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় কিয়েভ। যদিও ব্রিকস সম্মেলনে গুতেরেস ইউক্রেনে “ন্যায়বিচারপূর্ণ শান্তির” আহ্বান জানান এবং বারবার এই আগ্রাসনের নিন্দা করেন।
গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে বৈঠকের সময় জেলেনস্কির সঙ্গে ইউক্রেন সফর নিয়ে গুতেরেস আলোচনা করেন বলে জানিয়েছিলেন জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, এরপর থেকে জাতিসংঘ ও ইউক্রেন পারস্পরিক সুবিধাজনক সময় নির্ধারণের চেষ্টা করছিল। তবে কিছুই সিদ্ধান্ত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় ওই কর্মকর্তা বলেন, ব্রিকস সম্মেলনে গুতেরেসের অংশগ্রহণের কারণে জেলেনস্কি এই সফর প্রত্যাখ্যান করেছেন। তবে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
এর আগে সোমবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিকস সম্মেলনে অংশ নেয়ার জন্য গুতেরেসের আমন্ত্রণ গ্রহণ জাতিসংঘের সুনামকে ক্ষুণ্ন করেছে। জেলেনস্কি নিজেও গুতেরেসের এই সিদ্ধান্তের সমালোচনা করেন।
বৃহস্পতিবার তিনি বলেন, যদিও জাতিসংঘের কিছু কর্মকর্তারা কাজানের প্রলোভনকে জাতিসংঘ সনদের মূলনীতির চেয়ে গুরুত্ব দিতে পছন্দ করতে পারেন। তবে বিশ্ব এমনভাবে গঠিত যেখানে কোনো দেশের অধিকার ও আন্তর্জাতিক আইনের বিধান সর্বদা গুরুত্বপূর্ণ থাকবে।