ভারতের পারমাণবিক শক্তি নিয়ে কাজ করছে এমন অনেক সংস্থার ওপর থেকে ‘বিধি নিষেধ’ সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি সফরে এসে সোমবার (৬ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
নয়াদিল্লি আইআইটির এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতের শীর্ষস্থানীয় পারমাণবিক সংস্থাগুলো এবং মার্কিন প্রতিষ্ঠানের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতায় বাধা হয়ে দাঁড়ানো দীর্ঘ দিনের বিধিনিষেধগুলো সরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র।’ খবর হিন্দুস্তান টাইমস এবং বিবিসির।
তার মতে, এই পদক্ষেপ নয়াদিল্লি- ওয়াশিংটনের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে দৃঢ় করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যার জন্য ‘দীর্ঘ অপেক্ষায়’ থাকতে হয়েছে ভারতের।
১৯৯৮ সালে পোখরানে পারমাণবিক বোমার সফল পরীক্ষার পর অনেক দেশের বিরাগভাজন হয় ভারত। নিউক্লিয়ার সেক্টরে ভারতের উচ্চাকাঙ্ক্ষায় রশি টানতে বহু পরমাণু সংস্থার ওপর বিধি নিষেধ আরোপ করে ওয়াশিংটন। পরের দিকে দুই দেশের সম্পর্ক ভালো হওয়ায় বেশ কিছু সংস্থাকে সেই বিধি নিষেধের তালিকা থেকে বাদ দিলেও এখনও অনেক প্রতিষ্ঠান রয়ে গেছে সেই নিষেধাজ্ঞার আওতায়।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শাসনামলে দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি হওয়া সত্ত্বেও তা পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বাধা ছিল। সেই সমস্ত বাধা সরিয়ে নেয়ার বিষয়ে আশার কথা জানিয়েছেন সুলিভান।