এস এম ফজলে রাব্বি শুভ – বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া ধুনটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া আবেদনের প্রেক্ষিতে উপজেলার বথুয়াবাড়ি ঘাটপাড় গ্রামের অসহায় বৃদ্ধা মোছাঃ গোলাপী খাতুনের পাশে দাড়ালেন ধুনট উপজেলা প্রশাসন।
গোলাপী খাতুন তার প্যারালাইজড স্বামী মোবারক ফকির, মানসিক অসুস্থ ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে জীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। টিনের ছাউনি ভেঙে বৃষ্টির পানি পড়তো ঘরে, পাশে ছিল বস্তা দিয়ে বানানো দুর্বল বেড়া। এমন করুণ পরিস্থিতিতে দিনাতিপাত করছিল এই পরিবারটি।
শুক্রবার (১ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধুনট উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল ঘটনাস্থলে যান এবং সরেজমিনে যাচাই শেষে গোলাপী খাতুনকে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন।
ইউএনও হিমিল রিসিল বলেন, “মানবিক বিবেচনায় আমরা পাশে দাঁড়িয়েছি। যেখানেই দুর্ভোগ, সেখানেই প্রশাসন কাজ করবে।সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।এটি মানুষে মানুষে সহমর্মিতা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ যেকোন সমস্যা বা বিপদের মুহূর্তে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে আমরা দ্রুত সারা দেওয়ার চেষ্টা করি।
জনস্বার্থে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।