মোঃ শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এবং অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামী গণমিছিল ও পথসভা আয়োজন করেছে।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় কাজিপুর উপজেলার মেঘাই বাজার থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলমপুর চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়। উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক জাহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও কাজিপুর আসনের এমপি পদপ্রার্থী মো. শাহিনুর আলম শাহিন।
তিনি বক্তব্যে সরকারি অফিসগুলোকে মাস্তানদের আস্তানা না বানিয়ে জনগণের সেবাকেন্দ্রে পরিণত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে যে কোনো প্রতিবন্ধকতা জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আরমান আলী, কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন ও মো. আব্দুল সালাম প্রমুখ। কর্মসূচির শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন।