বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার শিববাড়ি এ ঘটনা ঘটে।
রামদা ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে বাড়ির মালিকদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় সংঘবদ্ধ ডাকাত দল।
পুলিশ ও বাড়ির মালিক জানায়, ডাকাত দল রাত তিনটার দিকে বাড়ির পেছনের গেট ভেঙে মালিক মোস্তফা কামাল ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ প্রায় দেড় লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
মোস্তফা কামাল বলেন, “১৮ থেকে ২০ বছর বয়সী ৬ জন লোক তালা ভেঙে অস্ত্র হাতে আমাদের কক্ষে প্রবেশ করে প্রথমেই মোবাইল ফোনগুলো নিয়ে নেয়। এরপর ঘরে থাকা ১ লাখ ৫২ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়। তবে যাওয়ার সময় ডাকাতরা আমাদের মোবাইল ফোনগুলো আবার ফেরত দিয়ে যায়।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, “ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে এবং ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
মাসুদ, মানিকগঞ্জ /বাংলাদেশ নিউজ টুডে