মশিউর রহমান নাদিম
কিশোরগঞ্জ প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “ধর্ম ও মুক্তিযুদ্ধ নিয়ে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, তারা মিথ্যাবাদী, বেইমান ও স্বাধীনতাবিরোধী। আমি জন্মগত মুসলমান এবং নিয়মিত ইবাদত পালন করি।”
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ইটনার রায়টুটি ইউনিয়নের রাজি ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৫ বছর বয়সে বাবা আমাকে মসজিদ–মাদরাসায় দিয়েছেন। অ, আ পড়ার আগে আলিফ, বা, তা শিখেছি। আমার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলা চরম অপমান।”
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতের কিছু বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ‘গণ্ডগোল’ বলা হয়েছে। মুক্তিযুদ্ধ কোনো গণ্ডগোল না এটা বাঙালির গর্ব। ২৩ বছরের আমি যুদ্ধ করেছি। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা–বোনের ইজ্জত অস্বীকার করার অধিকার কারো নেই।”
ধানের শীষে ভোট চেয়ে ফজলুর রহমান বলেন, “শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি। খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। ১৩০টি কেন্দ্রেই ধানের শীষ জয়ী হবে—এ ব্যাপারে আমার সন্দেহ নেই।”
তিনি আরও বলেন, “আমি মুসলমান, কিন্তু রাষ্ট্রে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকা উচিত। আল্লাহ বৃষ্টি দিলে মুসলমান–হিন্দু আলাদা করেন না।”
সমাবেশে সভাপতিত্ব করেন রায়টুটি ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, মনির হোসেন, পলাশ রহমান, তরিকুল ইসলাম জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।