ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় উঠে এলেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে ‘প্রতারক পুরুষ ও বিশ্বাসঘাতকতা’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ভাবনা। তবে সেই পোস্টে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার কথা উল্লেখ করেননি।

এই অভিনেত্রী বলেন, ‘একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য, যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ এমন সবকিছু দেখেন, যা সে দেখতে পায় না। প্রতারক পুরুষের মিথ্যাচার এবং নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গে ভাবনা বলেন, ‘নারীটির অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, সে যখন কাঁদছিল এবং পুরুষটি যখন ভান করছিল যে সবকিছু ঠিক আছে, সেই প্রতিটি মুহূর্ত।’
তিনি বলেন, ‘একজন পুরুষ হয়তো মনে করতে পারে যে, সে এতই চালাক যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে, কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণার জীবন থেকে রক্ষা করার জন্য।

সবশেষে অভিনেত্রী বলেন, ‘বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ পর্দা সরিয়ে দেন, তখন তা শাস্তি নয়; তা হলো উদ্ধার। আর এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।’
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু আশনা হাবিব ভাবনার। এরপর একের পর এক নাটকে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় করেছেন বেশকিছু চলচ্চিত্রে।