আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের আমদানি পণ্যের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্ত জানান।
এর আগে দেশটির যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক বাতিল করেন। আদালত রায়ে উল্লেখ করেন, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং এ ধরনের সিদ্ধান্তের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল।
তবে আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নতুন করে বিশ্বের সব দেশের আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে তা আরও বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে আজ থেকে বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অসাম্য সৃষ্টি করেছে। এখন থেকে আইন মেনেই এই অতিরিক্ত শুল্ক কার্যকর হবে।”
যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী, নতুন করে নির্ধারিত ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এ ব্যবস্থাকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে আমদানিনির্ভর বহু পণ্যের দাম বেড়ে যায়, যা ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
নতুন এই সিদ্ধান্ত বিশ্ববাণিজ্যে আবারও অনিশ্চয়তার আবহ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।