নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা এক ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এ সময় গণপিটুনিতে ওই দরবারের ‘পীর’ নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলাম গ্রামের গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর দরবার শরিফে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুর রহমান ওরফে শামীম (৭০)। তিনি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার মৃত জেসের মাস্টারের ছেলে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদুল হাসান তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীমের একটি পুরোনো ভিডিও শুক্রবার (১০ এপ্রিল) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে তার দরবারে হামলা চালায়।
সকাল থেকেই উত্তেজনা বাড়তে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই হামলা শুরু হয়। হামলাকারীরা দরবারে ভাঙচুর ও তছনছ চালানোর পাশাপাশি শামীমকে মারধর করে গুরুতর আহত করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, আহত অবস্থায় শামীমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।