নিজস্ব প্রতিনিধিঃ
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বয়ে ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুধু স্বর্ণই নয়, রুপার দামেও এসেছে পরিবর্তন। নতুন সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।