নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার মো. নাঈম মন্ডল এবং টাঙ্গাইল সদর উপজেলার মো. আবুল কাসেম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ২৫ হাজার ৩৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।
এ পর্যন্ত মোট ৬৩টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
ফ্লাইট পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইন্সে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।
গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হজযাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে সৌদি আরব যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।