বিনোদন ডেস্কঃ
শাহরুখ খানের বহু প্রতীক্ষিত মেগা অ্যাকশন চলচ্চিত্র ‘কিং’ এখন চূড়ান্ত পর্যায়ের শুটিংয়ে প্রবেশ করেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই প্রজেক্টের শেষ অংশের লোমহর্ষক অ্যাকশন দৃশ্য ধারণ করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার মনোরম লোকেশনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছবিটির ক্লাইম্যাক্স শুটিংয়ের জন্য ১৮ দিনের একটি বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় টানা এক সপ্তাহ আউটডোর শুটিং চলবে। এরপর মুম্বাইয়ে আরও ১০ দিনের ইনডোর ও সেট-ভিত্তিক দৃশ্য ধারণ করা হবে।
এই গুরুত্বপূর্ণ অংশে শাহরুখ খানের পাশাপাশি অংশ নিচ্ছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন।
প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুবাইয়ে নির্ধারিত শুটিং বাতিল করতে হয় টিম ‘কিং’-এর। পরবর্তীতে দ্রুত আন্তর্জাতিক শিডিউল ঠিক করতে শাহরুখ খান নিজে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর মাত্র তিন দিনের মধ্যেই শুটিংয়ের সব ধরনের অনুমতি নিশ্চিত হয়।
ছবির গল্প এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, শাহরুখ খান এখানে একজন পেশাদার গুপ্তঘাতকের চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে প্রতিশোধের এক কঠিন যাত্রায় যুক্ত হবেন তারই চরিত্রের মেয়ে সুহানা খান।
এদিকে ‘জাওয়ান’ খ্যাত সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রের সংগীতে ইতিমধ্যেই ছবির গানের কাজ শুরু হয়েছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি ২০২৬ সালের বড়দিনে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।