স্পোর্টস ডেস্কঃ
চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে ৩৮–৩৬ পয়েন্টের ব্যবধানে হেরে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে লাল–সবুজ প্রতিনিধিদের।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও নেপাল। তবে গ্রুপ সেরা হওয়ার লড়াই ছিল গুরুত্বপূর্ণ, কারণ শীর্ষে থাকতে পারলে এড়ানো যেত শক্তিশালী ভারতকে। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামে দুই দল। কিন্তু শেষ মুহূর্তের লড়াইয়ে ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা। প্রথমার্ধে নেপাল ১৯–১৭ ব্যবধানে এগিয়ে থাকে। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নেপালের সংগঠিত রক্ষণ ও কার্যকর আক্রমণ ব্যবধান ধরে রাখে। শেষ পর্যন্ত দুই পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় নেপাল।
এই পরাজয়ের ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়তে হবে তাদের। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
তবে সেমিফাইনালে পরাজিত হলেও বাংলাদেশ নারী দল নিশ্চিতভাবেই ব্রোঞ্জ পদক অর্জন করবে।