নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬: জুলাই আন্দোলনে হত্যাসহ মোট সাতটি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। আগামী ১১ মে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এসব মামলার মোট ১৩টি আবেদনের ওপর আদেশ ঘোষণার কথা ছিল। তবে রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় শুনানি পিছিয়ে যায়।
শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষ মামলার তদন্ত শেষ করতে আরও এক মাস সময় চেয়ে আবেদন করে। এতে আদালত প্রশ্ন তোলেন, “আর কতদিন সময় লাগবে?” পরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সঙ্গে পরামর্শ শেষে রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সময় প্রয়োজন।
এরপর আদালত আগামী ১১ মে পরবর্তী আদেশের দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে একে একে সাতটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।