ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম টিটনের পরিচয় নিশ্চিত করে জানান, শুরুতে পরিচয় নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও পরে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে নিহত ব্যক্তিই শীর্ষ সন্ত্রাসী টিটন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করেন। এসময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। মূলত রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় তার অপরাধমূলক কর্মকাণ্ডের আধিপত্য ছিল।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।