হাসতে তোমায় করিনি মানা, বলছি শুধু আড়াল রাখো
আমার হার্টে প্রবলেম আছে, দু-চোখ হতে দূরে থাকো….
বাঁকা ও ঠোঁট মিষ্টি অনেক, খবর বলে প্রেমিক হৃদয়
হয় যদি গো ডায়াবেটিকস! সুগার বাড়ার লাগে যে ভয়!!…
বলছো কথা! বলতে থাকো, আমার কানে না আসুক
অনেক হলো, আর তো নয়, চাই না আবার মন ফাঁসুক
হাঁটছো হাঁটো, নূপুর পায়ে, না শুনলেই বড়ো বাঁচা
পাঁকা আমার শরীর যতোই, মনটা কিন্তু অনেক কাঁচা
ফুল ধরেছো! ভালো ভালো, ঘাস ফড়িং-ও উড়িয়ে দাও
আমার ডালে ঝরা পাতা, একটু সবুজ মাখিয়ে যাও!
লাল লাগালে, নীল জাগালে, পুরো আকাশ তোমার নামে
কোথায় বলো বেঁচি আমায়! কিনলে তুমি জলের দামে
রাগ করেছো? করো করো, রাগলে তোমায় লাগে বেশ
বাঁকা ঠোঁটে হাসো আবার, নূপুর পায়ে বেড়াও দেশ
ডায়াবেটিকস-হার্ট অ্যাটাক, প্রেমিক বলেই এসব হয়
তোমায় যদি হারিয়ে ফেলি!? তাইতো লাগে এতো ভয়….