সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। গতকাল সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। আজ মঙ্গলবার আদালতের সূত্রে এই তথ্য জানা গেছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবরুদ্ধ নয়টি ব্যাংক হিসাবে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা রয়েছে বলে জানা গেছে।
অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবের মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে পাঁচ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা, ইউনিয়ন ব্যাংক পিএলসির তিনটি হিসাবে তিন কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৫৯৪ টাকা, সীমান্ত ব্যাংক পিএলসিতে এক কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৫৯৬ টাকা, সিটি ব্যাংক পিএলসির তিনটি হিসাবে এক কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৪২৬ টাকা ও সোনালী ব্যাংক পিএলসিতে ৮ লাখ ৬৭ হাজার টাকা রয়েছে।
আবেদনে বলা হয়, আসামি আসাদুজ্জামান খান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখে এবং আটটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুসের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করেছেন। তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তাঁর নামে নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। আসাদুজ্জামান খান তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।