নিজস্ব প্রতিবেদক:
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল ২১ নভেম্বর বিকাল তিনটায় তিনি গুলশানের বাসভবন থেকে রওণা হবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এবিএম সাত্তার।
তিনি জানান, সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে বেগম খালেদা জিয়াকে নিমন্ত্রণ করেছেন।
২০১৮ ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বেগম জিয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
দলীয় সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্যসহ ২৬ নেতার নামে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।