নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার আদালতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ জুন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক ভিডিও বৈঠকে অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ মামলা করা হয়েছে।
বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত থাকলেও আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেন।
মামলার নথি অনুযায়ী, মোট ২৮৬ জন আসামির মধ্যে ২৫৯ জন পলাতক রয়েছেন। অন্যদিকে ২৭ জন ইতিমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন, যাদের মধ্যে সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনও রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ওই অনলাইন ভিডিও বৈঠকে দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন। সেখানে কথিতভাবে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর আহ্বান এবং বর্তমান সরকারকে বৈধভাবে রাষ্ট্র পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, বৈঠকের কথোপকথন ও অডিও রেকর্ড পর্যালোচনায় সরকার উৎখাতের উদ্দেশ্যে সংগঠিত ষড়যন্ত্রের উপাদান পাওয়া গেছে।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ২০২৫ সালের ২৭ মার্চ প্রথমে ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে চলতি বছরের ১৪ আগস্ট আদালতে ২৮৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।