নিজস্ব প্রতিনিধি :
ভারতে অবস্থানরত বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে থাকলেও যথাযথ প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে, তবে সেখানে আশ্রিত কোনো রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তর, পুলিশ লাইন ও জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ভারতের পুশ-ইন কার্যক্রম অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের কোনো নাগরিক সেখানে থাকলে আমরা তাকে ফিরিয়ে নেব, তবে কোনো রোহিঙ্গা নাগরিককে নেওয়া হবে না।”
র্যাব-১১ পরিদর্শনে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। শুধু মাদকসেবী নয়, মাদকের গডফাদাররাও ছাড় পাবে না। এমনকি কোনো চাঁদাবাজের জন্য কেউ সুপারিশ করলে সেটিও গ্রহণযোগ্য হবে না।”
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, “আমি যদি কোনো অবৈধ আদেশ দিই, সেটাও মানা যাবে না। আইনবহির্ভূত কোনো কাজ করাও যাবে না, কাউকে করতেও দেওয়া হবে না।”
নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শনকালে সম্প্রতি দায়ের হওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান’ সংশ্লিষ্ট মামলাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব মামলায় উদ্দেশ্যমূলকভাবে অগণিত ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার ফলে তদন্তে বিলম্ব ঘটছে। তিনি বলেন, “কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সরকার সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, “অভ্যুত্থান চলাকালে লুট হওয়া অস্ত্র এবং সারাদেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।”
পরিদর্শনকালে র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।