এশিয়ান প্রাক-মৌসুম ট্যুরে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। ট্যুরের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ডেগু এফসির বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা। পুরো সফরজুড়েই জয়ের ধারায় ছিল কাতালান ক্লাবটি, তিন ম্যাচে তিন জয় তুলে নিয়েছে তারা।
সোমবার (৪ আগস্ট) ডেগু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বার্সেলোনা। ২১ মিনিটে ম্যাচের গোল উৎসব শুরু করেন তরুণ মিডফিল্ডার পাবলো গাভি। এরপর ২৭ মিনিটে স্কোরলাইন ২-০ করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গাভি আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এবং বার্সার ব্যবধান ৩-০ করেন।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বার্সার আধিপত্য বজায় থাকে। ৫৪ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন উঠতি তারকা টনি ফার্নান্দেজ, যিনি সদ্য ক্লাবে যোগ দিয়েছেন। এরপর ৬৫ মিনিটে বদলি হিসেবে নামা মার্কোস রাশফোর্ড গোল করে বার্সার জার্সিতে নিজের অভিষেক গোলের দেখা পান। এর আগের ম্যাচেই গোলের অ্যাসিস্ট দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা ইংলিশ ফরোয়ার্ড।
বার্সার এশিয়ান ট্যুর ছিল দারুণ সফল, তিন ম্যাচেই জয়, নতুন খেলোয়াড়দের পারফরম্যান্সে তৃপ্ত কোচ হানসি ফ্লিক। নতুন মৌসুম শুরুর আগে এমন পারফরম্যান্স বার্সা সমর্থকদের আশাবাদী করে তুলেছে।