নিজস্ব প্রতিনিধি :
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৬ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে ফেরত পাঠায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (Agensi Kawalan Sempadan Malaysia–AKSEM)।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানায়, ওই ২৬ বাংলাদেশি দুটি ভিন্ন ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুরে পৌঁছান। আগমন গেটের আন্তর্জাতিক টার্মিনাল এলাকায় পৌঁছানোর পরপরই মনিটরিং ইউনিট তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। পরে তাৎক্ষণিকভাবে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অপারেশন অফিসে নেওয়া হয়।
একেপিএস-এর বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের ভ্রমণ ছিল পূর্বপরিকল্পিত এবং এতে তৃতীয় কোনো পক্ষ সক্রিয় ভূমিকা রেখেছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে আসে, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হয়েছেন এবং তাদের ভ্রমণ-উদ্দেশ্য ছিল অস্পষ্ট ও অসংগতিপূর্ণ।
পর্যাপ্ত যাচাই-বাছাই শেষে একেপিএস কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপরের ফ্লাইটেই তারা বাংলাদেশে ফিরে আসেন।
এ প্রসঙ্গে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, অনেক আগমনকারীর কাছে যথাযথ ভিসা, বৈধ নথিপত্র, বিদেশি মুদ্রা বা পর্যাপ্ত অর্থ ছিল না। কেউ কেউ হোটেল বুকিং দেখাতে পারেননি। কারও কারও ভ্রমণের কারণ ছিল অত্যন্ত অস্পষ্ট, যা মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়।
এর আগে গত জুলাই মাসে একই বিমানবন্দর থেকে দুই দফায় মোট ২১৯ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া কর্তৃপক্ষ। গত ১১ জুলাই ৯৬ জন এবং ২৪ জুলাই ১২৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
একেপিএস জানায়, দেশের প্রধান প্রবেশপথসমূহে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ আগমনকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।