শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আইনি সহায়তা ও আয়বর্ধক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সিরাজগঞ্জের কাজিপুরে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি কর্মশালা। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার তেকানী ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে সোসিও হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, শার্প (SHARP)। কর্মশালাটি বাস্তবায়িত হয় ‘ইনহ্যান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট’ (GEP)-এর আওতায়।
প্রকল্পটির মূল লক্ষ্য ছিল চরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের আইনি সহায়তা সহজপ্রাপ্য করা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। সরকারি-বেসরকারি সেবার সঙ্গে নারীদের সংযুক্ত করে টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করাও ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
কর্মশালায় কারিগরি সহায়তা দেয় Swiss Agency for Development and Cooperation (SDC) ও Global Affairs Canada (GAC) এবং GFA Consulting Group GmbH।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুরের অতিরিক্ত কৃষি অফিসার ও তেকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়সাল আহম্মেদ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “নারীদের আইনি সুরক্ষা এবং আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠা পায়। চরাঞ্চলের নারী সমাজের জন্য এটি একটি বড় সুযোগ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্প সিরাজগঞ্জের উপ-পরিচালক গোলাম কিবরিয়া, প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম, স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
কর্মশালায় লিগ্যাল এইড ভিক্টিম ও চরাঞ্চলের বিপন্ন নারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, কীভাবে তারা পারিবারিক নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত জটিলতা বা সামাজিক নিপীড়নের শিকার হয়ে আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা তাদের আশ্বস্ত করেন, ভবিষ্যতে এই নারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে সক্রিয় পদক্ষেপ নেওয়া হবে।
এই কর্মশালার মধ্য দিয়ে চরাঞ্চলের অবহেলিত নারীদের আইনি সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের পথে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।