বাংলাদেশ এখনো এশিয়া কাপের শিরোপার স্বাদ পায়নি। ২০১২ সালের ওয়ানডে সংস্করণে ও ২০১৬ সালের টি–টোয়েন্টি সংস্করণে ফাইনালে ওঠাই তাদের সেরা সাফল্য, তাও আবার ঘরের মাঠে।
এবারের আসরও হবে টি–টোয়েন্টি সংস্করণে। এই সংস্করণের আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি আফগানিস্তানও বাংলাদেশের ওপরে অবস্থান করছে। সবশেষ ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০ ওভারের এশিয়া কাপে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে তারা ছিটকে যায়। এবারের আসরেও একই গ্রুপে রয়েছে লঙ্কান ও আফগানরা, সঙ্গে আছে হংকং। ফলে গ্রুপ পর্ব উতরানো সহজ হবে না বলেই ধারণা।
তবে চ্যালেঞ্জের এই পথ জয় করতেই পূর্ণ আত্মবিশ্বাসী টাইগাররা। সোমবার দুপুরে প্রস্তুতি ক্যাম্প চলাকালে সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনূপ্রাণিত কণ্ঠে বললেন,
“এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে যেমন বিশ্বাস করি, ড্রেসিং রুমের সবাইও সেটা বিশ্বাস করে। দলের ভেতরে যে আবহ তৈরি হয়েছে, সবাই প্রাণপণ চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি এবার শিরোপা জয়ের জন্যই খেলব।”
বাংলাদেশকে বাড়তি বিশ্বাস জোগাচ্ছে সাম্প্রতিক দুটি সিরিজ জয়। শ্রীলঙ্কায় গিয়ে টি–টোয়েন্টি সিরিজ জেতার পর দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছে দল। জাকেরের ভাষায়,
“গত দুটি সিরিজ জয় অবশ্যই আমাদের সামনের ম্যাচগুলোতে অনেক সহায়তা করবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপে আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
আগামী ৩০ আগস্ট সিলেটে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এরপর ১১ সেপ্টেম্বর আবু ধাবিতে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।