মোঃ রেজাউল ইসলাম
বরগুনা জেলা প্রতিনিধি.
বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ে ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন পাথরঘাটার ১৮ মাঝিমাল্লা। সোমবার দিবাগত রাত দুইটার দিকে পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, সোমবার সকালে পাথরঘাটা মৎস্যঘাট থেকে মাছ শিকারে যায় এফবি আবদুল্লাহ তুফান নামের ট্রলারটি। গভীর সমুদ্রে অবস্থানকালে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে মুহূর্তের মধ্যেই ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা আরেকটি ট্রলারের জেলেরা সাগরে ভেসে থাকা মাঝিমাল্লাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হন। ডুবে যাওয়া ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটা উপজেলার সগির কোম্পানি। প্রায় এক কোটি টাকা মূল্যের ট্রলারটি পুরোপুরি পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের মঙ্গলবার সকালে মহিপুরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন গ্রামে।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, সম্প্রতি বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ো হাওয়া ও অস্বাভাবিক ঢেউ বেড়ে যাওয়ায় জেলেদের জীবন হুমকির মুখে পড়ছে। তারা অভিযোগ করে বলেন, সাগরে যাওয়ার আগে কার্যকর ও সময়োপযোগী আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।
তাদের দাবি, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়ার বার্তা আরও আধুনিক ও নির্ভরযোগ্য করা একান্ত জরুরি।