বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (১০ নভেম্বর) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি পিছিয়ে যায়, তা দেশের জন্য বিপর্যয়ের সমতুল্য হবে।
ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “অবিলম্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত। নির্বাচন পেছালে দেশকে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে। কিছু মহল নির্বাচন পেছানোর জন্য নানা চক্রান্তে লিপ্ত।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, “যারা তখন গণহত্যায় হাত মিলিয়েছিল, তারা আজও গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এদের সঙ্গে কোনো আপস হবে না।”