সাইফুল ইসলাম, কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটার আলীশান হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ফাহিমা আক্তার (২৪) নামে এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত একটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত হোটেলটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেল রেজিস্টার অনুযায়ী ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর ফাহিমা আক্তার ও আরিফ হোসেন নামের এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটা এসে হোটেলের ওই কক্ষ ভাড়া নেন। গতকাল বিকাল থেকে কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় কক্ষে ভিতর দিক থেকেও ছিটকানি লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী পরিচয় দেওয়া আরিফ হোসেন।
মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।