মালয়েশিয়া থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে দুর্ঘটনার কবলে পড়েছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি সিলয়েড আর্ক’। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে ফুকেট উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি কাত হয়ে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৬ জন নাবিককে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য ফুকেট নিউজ এবং জাহাজের স্থানীয় এজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযান ও থাই নেভির একটি উদ্ধারকারী দল দ্রুত তৎপরতা চালিয়ে নাবিকদের উদ্ধার করে।
সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ১১৫ মিটার দৈর্ঘ্যর এই জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল, যার মধ্যে ১৪টিতে বিপজ্জনক পণ্য রয়েছে বলে জানা গেছে। গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। রওনা দেওয়ার দুই দিনের মাথায় এই দুর্ঘটনা ঘটে।
জাহাজের স্থানীয় এজেন্ট ‘আলভি লাইন্স বাংলাদেশ’-এর ব্যবস্থাপক মো. মুকুল হোসেন জানান, উদ্ধারের পর নাবিকদের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে এবং তাঁরা সবাই সুস্থ আছেন।
ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি কাত হয়ে গিয়ে থাকতে পারে। জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং আমদানিকৃত পণ্যের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।