নিজস্ব প্রতিনিধিঃ
তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে আয়োজিত মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শনিবার অনুষ্ঠিত ওই অধিবেশনে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বক্তারা সার্কের দীর্ঘস্থায়ী গুরুত্ব ও বর্তমান প্রাসঙ্গিকতার বিষয়টি তুলে ধরেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহন মন্ত্রী আজিজি অংশগ্রহণ করেন।
অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করা বাংলাদেশের বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
বক্তারা একমত হন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের বাধা দূর করে আঞ্চলিক সংহতি বাড়াতে টেকসই সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই একমাত্র কার্যকর পথ—এ বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।