নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারার ঘটনায় কূটনৈতিক পর্যায়ে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।”
তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত রয়েছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, “কয়েকটি জায়গায় বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখার ঘটনা ধরা পড়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, “সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক সুবিধা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”