নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (সোমবার) বগুড়ায় হাম-রুবেলা জাতীয় টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, তিনি সকালে সড়কপথে বগুড়ায় পৌঁছে দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
আজ বিকেলে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ এ তথ্য জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বগুড়া জেলার ১২টি উপজেলা, ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় মোট ২ হাজার ৮৭৩টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে এই টিকাদান কার্যক্রম চলবে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে এবং বর্তমানে ৩২ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ২৭ জন ভর্তি রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. একেএম কামরুজ্জামান, বগুড়া জেলা প্রতিনিধি ডা. তারিক মো. রেজা, মেডিকেল অফিসার ডা. আজিজুল হক বাপ্পা এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।