নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় সপ্তাহে দুই দিন—বুধবার ও বৃহস্পতিবার—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে।
আজ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ‘আদালত তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুযায়ী তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতি সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সকল বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের ক্ষেত্রে অন্তত একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে আগামী ২০ এপ্রিলের মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।