আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন দফার কূটনৈতিক আলোচনায় অংশ নিতে আজই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এর উদ্দেশে রওনা হতে পারেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তার সঙ্গে শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তারাও থাকবেন বলে জানিয়েছে CNN।
সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আগামী বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে দুই দেশের পাল্টাপাল্টি কঠোর বক্তব্য পরিস্থিতিকে এখনো অনিশ্চিত করে রেখেছে।
এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রতিনিধি দল শিগগিরই রওনা হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা রয়েছে। এর আগেই আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, সমঝোতা না হলে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শেষ পর্যন্ত আলোচনার ফলাফল নির্ভর করবে উভয় পক্ষের নমনীয় অবস্থান ও কূটনৈতিক সমঝোতার ওপর।